আফ্রিকান নেতারা ঔপনিবেশিক সময়কালের অপরাধকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া এবং প্রভাবিত দেশ ও জনগণের জন্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন। রবিবারে (৩০ নভেম্বর) রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত এক সম্মেলনে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আতাফ ঔপনিবেশিক শাসনের দীর্ঘস্থায়ী প্রভাবের উপর আলোকপাত করে বলেছেন, আফ্রিকান দেশগুলো এখনও বৈষম্য, বঞ্চনা ও অনুন্নত অবকাঠামোর বোঝা বহন করছে।
সম্মেলনের লক্ষ্য ছিল ঔপনিবেশিক শোষণের শিকারদের জন্য ন্যায়বিচার এবং চুরি করা সম্পত্তি ফেরতের দাবিসহ প্রতিকার নিশ্চিত করা। আতাফ বলেন, ক্ষতিপূরণকে কোনো দয়া বা অনুকম্পা হিসেবে দেখা উচিত নয়; এটি একটি অধিকার। তিনি আলজেরিয়ার ফরাসি শাসনের কঠোর অভিজ্ঞতাকে ঔপনিবেশিক শোষণের পরিণতির উদাহরণ হিসেবে তুলে ধরেন।
ঔপনিবেশিক শক্তিগুলো আফ্রিকান দেশ থেকে বিপুল সম্পদ আহরণ করে স্থানীয় জনগণকে দারিদ্র্যের মধ্যে ফেলে রেখেছিল। আফ্রিকান দেশগুলো ইউরোপীয় জাদুঘরগুলিতে লুট হওয়া শিল্পকর্ম ফেরতের দাবিও জোরদার করেছে। এ প্রস্তাবনার মধ্য দিয়ে বিশ্বব্যাপী ক্ষতিপূরণের দাবির আক্রোশ বাড়ছে, ক্যারিবিয়ান দেশগুলো দাসপ্রথা ও ঔপনিবেশিক শোষণের দীর্ঘস্থায়ী প্রভাবের জন্য আনুষ্ঠানিক ক্ষমা ও আর্থিক ক্ষতিপূরণের পক্ষে আন্দোলন জোরদার করছে।
