শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনী মিছিল শেষে অসুস্থ হয়ে মন্টু খান (৪৫) নামে ঘোড়া প্রতীকের এক সমর্থকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রাজগঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মন্টু খান তুলাসার ইউনিয়নের আড়িগাঁও এলাকার কুটি খানের ছেলে। তার আড়িগাঁও বাজারে একটি চায়ের দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে সূত্রে জানা যায়, মন্টু খান সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান আখন্দ উজ্জ্বলের সমর্থক ছিলেন। শুক্রবার বিকালে ওই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে একটি নির্বাচনী মিছিল বের করে তুলাসার ইউনিয়নের তার সমর্থকরা। সেই মিছিলে অনেকের সাথে অংশ নিয়েছিলেন মন্টু খান। মিছিলটি জেলা শহরের চৌরঙ্গীর মোড় এসে শেষ হয়। মিছিল শেষে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বাড়িতে ফেরার পথে রাজগঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছলে হঠাৎ করে সড়কে লুটিয়ে পড়েন মন্টু খান। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা শাহরিয়ার ইয়াসিন বলেন, তাকে একটি ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল। পরে দেখি তার হার্টবিট নেই ও নিঃশ্বাস বন্ধ। ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।