পুকুর খননের দায়ে যুবলীগ নেতাকে জরিমানা

নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে পুকুর খনন ও মহাসড়ক দিয়ে মাটি বহনের দায়ে আবুল কালাম জোয়াদ্দার নামে এক যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আবুল কালাম জোয়াদ্দার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বড়াইগ্রাম রাজ্জাক মোড় এলাকায় অবৈধভাবে পুকুর খনন করছিলেন আবুল কালাম জোয়াদ্দার। একই সঙ্গে তিনি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক ব্যবহার করে ট্রাক্টরে সেসব মাটি বহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনও সেখানে অভিযান চালান। এ সময় এক্সকাভেটর ও ট্রাক্টর চালকরা পালিয়ে যান।