র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না : যুক্তরাষ্ট্র

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

বিফ্রিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, বাংলাদেশ সফরকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে।’ এমন দাবি কি সত্য?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্য হলো আচরণ পরিবর্তন এবং জবাবদিহি নিশ্চিত করা।’

গত মঙ্গলবার রাতে ডোনাল্ড লু ঢাকায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন। নৈশভোজ শেষে নিজ বাসভবনে সংবাদ ব্রিফিং করেন সালমান এফ রহমান। সেখানে সাংবাদিকরা র‌্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেছিলেন, র‌্যাবের নিষেধাজ্ঞার সঙ্গে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়টিও জানানো হয়েছে। তারা বলেছে, এ দুটি বিষয় আইন দপ্তরে রয়েছে।

ডোনাল্ড লু এর আগে ঢাকা সফরে জানিয়েছিলেন, র‌্যাবের উন্নতি হয়েছে। ফলে পররাষ্ট্র দপ্তর থেকে এ বিষয়ে সহযোগিতা করা হচ্ছে। র‌্যাবের উন্নতি হয়েছে, তা আইন দপ্তরকে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।