বিএসএমএমইউ উপাচার্য বললেন

দীর্ঘজীবী হতে দরকার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে দীর্ঘজীবী হওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাকপ ডা. দীন মো. নূরুল হক।

তিনি বলেন, অনেক রোগী জানান তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছিল, তা ঠিক হয়ে গেছে, এখন ওষুধ খাচ্ছি না। একথা ঠিক নয়। কারণ তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিন্তু শরীরে রয়ে গেছে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে জীবনে দীর্ঘজীবী হওয়া যায়।

আজ শনিবার (১৮ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, শুধু রাজধানী কেন্দ্রিক নয়, উপজেলা থেকে শুরু করে সারা দেশে উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। রোগটি নিয়ন্ত্রণে মানুষের খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। যতটা পারা যায় চিন্তামুক্ত থাকতে হবে। ব্যায়াম করতে হবে। যথাসময়ে ঘুমাতে হবে। অতিরিক্ত লবণ খাওয়া যাবে না।

তিনি বলেন, বর্তমানে অসংক্রামক রোগ উচ্চ রক্তচাপ, ক্যান্সার ও ডায়াবেটিসে মানুষ বেশি মারা যাচ্ছে। এটা প্রতিরোধে চিকিৎসক সমাজকে এগিয়ে আসতে হবে।

সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ ও ইউজির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী বক্তব্য রাখেন।

বিশ্বিবিদ্যালয়ের হল প্রভোস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের সভপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রধান অধ্যাপক ডা. মো. হারিসুল হক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. জাহানারা আরজু।