চাকরি স্থায়ী করার দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের চলমান মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের স্থগিতাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল ও ফটক সভা হয়েছে। গতকাল শনিবার সকালে চিনিকলটির প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিক ও কর্মচারীরা। এ সময় তারা ১৫ দিনের মধ্যে দাবি মেনে না নিলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে মৌসুমি ও চুক্তিভিত্তিক চিনিকলে কর্মরত আছেন। গত ৮ এপ্রিল বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) পত্রিকার মাধ্যমে ৯৩ পদে চলমান মৌসুমি জনবল থেকে জনবল স্থায়ীকরণের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে প্রায় সাড়ে ৫০০ চাকরিপ্রত্যাশী আবেদন করে। ১৭ ও ১৮ মে তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে গত ১৫ মে হঠাৎ করেই অনিবার্য কারণে বিএসএফআইসির সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কার্যক্রম স্থগিত করা হয়। মাত্র ৮/১০ হাজার টাকা বেতনে এসব শ্রমিক কাজ করেন। তাদের পরিবার পরিজনের ভরণপোষণের কথা বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।