সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুই শ্রমিক। নিহতরা হলেন সুমন (৪৫) ও নাহিদ (২২)। তাদের বাড়ি চাঁদপুর জেলার মধ্য বাখরপুর গ্রামে।

কাশিয়ানী থানার ওসি জিল্লুর রহমান জানান, রাজমিস্ত্রি সুমন মিয়া (৪৫) তার লোকজন নিয়ে উপজেলার পূর্বপাড়া গ্রামের আলমগীর হোসেনের নির্মাণাধীন বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান।

তাদের মধ্যে সুমন ও নাহিদ নামে দুই শ্রমিক সেপটিক ট্যাংকে নামলে তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে অন্য দুই শ্রমিক মাহবুব ও মুকুল তাদের উদ্ধার করতে গেলে তারাও আক্রান্ত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক সুমন ও নাহিদকে মৃত ঘোষণা করেন।