মাগুরায় রেলমন্ত্রী

মাগুরার রেললাইন ঝিনাইদহ পর্যন্ত সম্প্রসারিত হবে

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মাগুরায় নির্মিতব্য রেলপথ মাগুরা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। এ রেললাইনটি মাগুরা থেকে সম্প্রসারিত হয়ে ঝিনাইদহের কালীগঞ্জের সঙ্গে সংযুক্ত হবে। এ এলাকায় রেলপথ বাস্তবায়িত হলে একটি স্বপ্নের দ্বার উন্মোচন হবে। মাগুরার মানুষ রেলপথে বিভিন্ন স্থানে সহজেই যেতে পারবে।’

গতকাল শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় নির্মিতব্য রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ যত দ্রুত শেষ করা যায় আমরা সেই চেষ্টা করছি। ইতিমধ্যে ফরিদপুর অংশে জমি অধিগ্রহণ শেষ হয়েছে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।