আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কাছে সমন্বিত আচরণবিধি চেয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এসএম মান্নান (কচি)। বিশ্বব্যাপী ক্রেতা, প্রস্তুতকারক এবং শ্রমিকসহ সব স্টেকহোল্ডারের সুবিধার্থে এ ধরনের আচরণবিধি প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিজিএমইএর সভাপতি এস এম মান্নানের সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি এ দাবি করেন।
আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি ছিল সোশ্যাল ও টেকনিক্যাল অডিটের জন্য শিল্পে সর্বজনস্বীকৃত একটি সমন্বিত আচরণবিধি (ইউনিফাইড কোড অব কনডাক্ট) প্রণয়নের প্রয়োজনীয়তা।
বৈঠকে বিজিএমইএ সভাপতি কচি বিশ্বব্যাপী ক্রেতা, প্রস্তুতকারক এবং শ্রমিকসহ সব স্টেকহোল্ডারের সুবিধার্থে এ ধরনের একটি সমন্বিত আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য আইএলওকে আহ্বান জানান।
তিনি পোশাকের ন্যূনতম ন্যায্য মূল্যের ওপর জোর দিয়ে বলেন, মূল্য নির্ধারণের এ ধরনের ব্যবস্থা ছাড়া শিল্প দীর্ঘ মেয়াদে টেকসই হবে না। শ্রমঘন পোশাক খাতে ন্যায্য মূল্যের ওপর গুরুত্বারোপ করে আইএলওকে বৈশ্বিক ফোরামে এবং ক্রেতাদের সঙ্গে আলোচনায় বিষয়টি নিয়ে তাগিদ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
আইএলওর প্রতিনিধিদলে ছিলেন বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আনিস আগুং নুগরোহো, প্রোগ্রাম এবং অপারেশন অফিসার লিনিয়া স্ট্র্যান্ড এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. সাইদুল ইসলাম।
সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি বিজিএমইএ নেতাদের সঙ্গে আইএলওর নেতৃত্বে চলমান উদ্যোগের অগ্রগতি, বিশেষ করে বাংলাদেশে তৈরি পোশাককর্মীদের জন্য কাজের পরিবেশ উন্নত করা এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রকল্পের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বৈঠকে শিল্পের আরও বিকাশের জন্য, ডিউ ডিলিজেন্স ডাইরেকটিভের মতো আসন্ন প্রবিধানগুলো অনুসরণ করা এবং কর্মীদের কল্যাণ বাড়াতে কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আইএলও এবং বিজিএমইএর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি আরশাদ জামাল (দীপু), সহসভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহসভাপতি মিরান আলী, সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক মো. ইমরানুর রহমান, পরিচালক শোভন ইসলাম, পরিচালক হারুন আর রশিদ, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল প্রমুখ।