পণ্যের মান ও পরিমাপ নিশ্চিত করার জন্য বিএসটিআইকে আপসহীন ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে সংগতি রেখে বিএসটিআই পণ্যের মান ওজন ও পরিমাপের বিষয় নিশ্চিত করছে। অনেক ভালো ব্যবসায়ী আছেন যারা আন্তর্জাতিক মানের পণ্য বাজারজাত করে বিশ্ববাজারে দেশের সুনাম বৃদ্ধি করছেন। অন্যদিকে ব্যবসায়ী নামক এক ধরনের প্রতারকরা নকল পণ্য উৎপাদন করে জনগণকে বিভ্রান্ত করছেন। এ বিষয়ে তিনি বিএসটিআই’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৪ উপলক্ষে বিএসটিআই আয়োজিত ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই’র অফিস ও ল্যাবরেটরি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীরা যেন কোনো ভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ রাখার পাশাপাশি ব্যবসায়ীদেরও উচিত বিএসটিআইকে তাদের কাজে পূর্ণাঙ্গ সহযোগিতা করা। বিজ্ঞপ্তি