বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইথিক্যাল গার্মেন্টস লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংপুর এলাকায় প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোদ্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।

সড়ক অবরোধকারী শ্রমিকরা জানান, গত ১০ মে আমাদের এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধে ব্যর্থ হয়ে ১৫ মে বেতন দেওয়ার সময় নির্ধারণ করে কর্তৃপক্ষ। বাধ্য হয়ে শ্রমিকরা এই সিদ্ধান্ত মেনে নিলেও নির্ধারিত তারিখে পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। শ্রমিকরা কারখানার আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ১৬ মে তাদের সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এরপর ২১ মে বকেয়া বেতন পরিশোধের নতুন দিন নির্ধারণ করলেও এদিন বেতন পরিশোধ না করে কারখানাটিতে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে শ্রমিক মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

কারখানাটির নারী শ্রমিক সাজেদা বেগম বলেন, প্রতি মাসে বেতন দেওয়ার সময় কর্তৃপক্ষ টালবাহানা করে। আমরা সময় মতো বাসা ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে পারি না। বেতনের এই টাকায় আমাদের সংসার চলে এবং ছেলেমেয়েদের লেখাপড়া চলে। সময় মতো বেতন না পেলে স্কুলের বেতন, টিউশন ফি দিতে পারি না।

জানতে চাইলে ইথিক্যাল গার্মেন্টস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার বেলাল হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর বেশি কোনো তথ্য ফোনে বলা যাবে না। আপনি কারখানায় এসে তথ্য নিয়ে যান।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধের চেষ্টা করছিল শ্রমিকেরা। অবরোধের কিছুক্ষণের মধ্যেই তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।