বান্দরবানের লামায় ট্রাক উল্টে মো. জাহাঙ্গীর (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। বুধবার (২২ মে) সকাল সোয়া ৭টায় লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বদরটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মফিজ উদ্দিন।
তিনি জানান, সকালে হারবাং এলাকা থেকে ছাদ ঢালাইয়ের কাজে ১৫-২০ জন শ্রমিক নিয়ে ট্রাকটি গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়ায় যাচ্ছিল। পথে ফাইতং ইউনিয়নের শেষ সীমানায় বদরটিলা নামক জায়গায় পাহাড়ে উঠতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক মো. জাহাঙ্গীর নিহত হন। এ সময় আহত হন আরও সাতজন। আহতদের চট্টগ্রামের চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।