ঝালকাঠির রাজাপুরে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মো. আদিব (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইকের চালক আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদিব উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাসিন্দা ও বাহরাইন প্রবাসী মো. রিয়াজ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি যাত্রীসহ সড়কের পাশে উল্টে পড়ে। এতে আদিব, তার মা নিশাত সুলতানা (৩০) ও চালক মো. হেমায়েত তালুকদার (৪৫) গুরুতর আহত হন। হেমায়েতের বাড়ি উপজেলার আঙ্গারিয়া এলাকায়।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আদিবকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী হাজতির মৃত্যু
ঝালকাঠিতে স্কুলের মাঠে নির্মাণ সামগ্রী, শিক্ষার্থীদের ভোগান্তি