চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। বুধবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়ন এলাকায় পুকুরের পানিতে ডুবে রোমাইসা জান্নাত নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু রোমাইসা ওই এলাকার আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের কন্যা। তিনি ওএসএল ফার্মা লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার।
অপরদিকে একইদিন দুপুর ১টার দিকে পৌরসভার উত্তর জলদী ৪ নং ওয়ার্ডের নেয়াজর পাড়া এলাকার সিএনজি চালক আবু হামিদের ছেলে মো. আবির (২) খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ছোট্ট রোমাইসা। হঠাৎ খোঁজ নিয়ে দেখা যায়, পুকুরে ভাসছে সে। পরে পুকুর থেকে উদ্ধার করে তাকে চাম্বল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে আবির নামে আরোও এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।