ভোলা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবদুল মালেক ওরফে মানিক (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মো. বজলুর রহমান ও ভাতিজা মো. আরিফকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুল মালেক উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রতনপুর গ্রামের ওহাব আলী হাওলাদারের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী পারুল বেগম জানান, তার স্বামী আবদুল মালেকের ছয় ভাইয়ের মধ্যে চার ভাই জীবিত। এদের মধ্যে আবদুল মালেক ও মফিজুল ইসলাম এক পক্ষ এবং তাজল ইসলাম ও বজলুর রহমান আরেক পক্ষ। উভয় পক্ষের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার সকালে নিহত মালেকের সঙ্গে তাজলের ছেলে সোহাগের ঝগড়া হয়। এরপর সোহাগের বাবা তাজুলসহ ৭-৮ জন মিলে তাদের ঘরে প্রবেশ করে তার স্বামীর ওপর আক্রমণ করেন। এতে মালেক গুরুতর আহত হন, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নিহতের ভাই মো. বজলুর রহমান ও তার ছেলে আরিফকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।