তিউনিশিয়ায় ‘ভুয়া সংবাদ’ প্রকাশ করায় দুই সাংবাদিকের জেল

‘ভুয়া সংবাদ’ প্রকাশ করায় দুই সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দিয়েছে তিউনিশিয়া। ভুয়া খবর প্রকাশ ও প্রচার ঠেকাতে প্রণয়ন করা আইন ‘ডিক্রি ৫৪’ লঙ্ঘন করায় এ সাজা দেওয়া হয় তাদের। দণ্ডপ্রাপ্তরা হলেন বোরহান বিসাইস ও মুরাদ জেঘিদি। তারা আইএফএম রেডিওতে কাজ করেন।

জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দুজনকেই গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে গ্রেপ্তার করা হয়। গত বুধবার জনতার নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলার অভিযোগে দণ্ডপ্রাপ্ত হলেন তারা। ‘ডিক্রি ৫৪’ আইনটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পাস করেন দেশটির প্রেসিডেন্ট কাইস সায়েদ।

তিউনিস আদালতের মুখপাত্র মোহামেদ জিতুনা বলেন, ভুয়া খবর ও গুজব ছড়ানোর অভিযোগে বোরহান ও মুরাদকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরো ছয় মাসের সাজা দেওয়া হয় ‘কারো অসম্মান করা, তাদের মানহানি ও নৈতিক বা বাস্তবিক ক্ষতি করার উদ্দেশ্যে ভুয়া তথ্যযুক্ত খবর ছড়ানোর’ অভিযোগে।

মামলা চলাকালীন বোরহান বলেন, ‘আমি একজন উপস্থাপক, যার কাজ অনুষ্ঠানে সব বিষয়কেই উপস্থাপন করা। যা করেছি তা সাংবাদিকতাই ছিল।’

অন্যদিকে মুরাদ বলেন, ‘আমি কোনো ভুল করিনি। আমার কাজের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ জরুরি। তাই আমি সেই দায়িত্ব নিচ্ছি।’

এদিকে তিউনিশিয়ার সাংবাদিকদের সংগঠন জার্নালিস্টস সিন্ডিকেট জানিয়েছে, ডিক্রি ৫৪ চালু হবার পর থেকে এখন পর্যন্ত ছয়জন সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে কর্তৃপক্ষ। মে মাসে সাংবাদিক, আইনজীবীসহ সুশীল সমাজের মোট দশজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এসব গ্রেপ্তারের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচিত হয়। বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পক্ষ থেকে। তিউনিশিয়ার সাংবাদিকদের জাতীয় ইউনিয়ন গত সপ্তাহে বোরহান ও মুরাদকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে।