ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোপন্থী মিছিল ও নতুন আইনসভার শপথগ্রহণ অনুষ্ঠান কাভার করার সময় অন্তত এক ডজনের বেশি গণমাধ্যমকর্মীকে সাময়িকভাবে আটক করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দেশটির জাতীয় সাংবাদিক সংগঠন এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল ইউনিয়ন অব প্রেস ওয়ার্কার্স (এসএনটিপি) জানায়, মোট ১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছিল, যাদের অধিকাংশই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত। পরে সবাইকে মুক্তি দেওয়া হলেও একজন বিদেশি সাংবাদিককে দেশ থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় ভেনেজুয়েলার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
এর একদিন আগেই রাতে অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। সোমবার নিউইয়র্কের একটি আদালতে তিনি মাদকসন্ত্রাসবাদের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন। এদিকে উপ–রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।