কিশোর গ্যাং নেতা হত্যায় প্রতিপক্ষ নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক কিশোর গ্যাং নেতা খুনের ঘটনায় প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন (২৩) টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকার মোশারফ হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই ফারুক হোসেন। এর আগে গত মঙ্গলবার উপজেলা নির্বাচনের রাতে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে মাটির মসজিদ এলাকায় এ হত্যাকা- ঘটে।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার দুপুরে আনসার টেপিরবাড়ি ভোটকেন্দ্রের পাশে কিশোর গ্যাংয়ের ইমরান ও ফরিদ গ্রুপের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় ইমরান বাহিনীর লোকজন ফরিদ ও তার গ্রুপের সদস্যদের মারধর করে। পরে ফরিদ রাতে আরও শক্তি বাড়িয়ে দলবল নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাটির মসজিদ এলাকায় ইমরান গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ফরিদ গুলিবিদ্ধ হলে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

গোয়েন্দা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি হত্যা মামলা হয়। বৃহস্পতিবার মাওনা চৌরাস্তার ওয়াপদা মোড়ে অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ওয়ার্ডরোবে দুধের কৌটা থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।