প্রতিবছর গ্রাজুয়েট বাড়লেও চাকরি কম: চবি উপাচার্য 

প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন শেষ করা শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে কিন্তু চাকরির সুযোগ অনেক কম। তাই শিক্ষার্থীদের যেসব দক্ষতা ও যোগ্যতার অভাব রয়েছে সেগুলো পূরণ করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

শনিবার (২৫ মে) দিনব্যাপী আয়োজিত চট্টগ্রামের সবচেয়ে বড় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা বিশ্বের শিক্ষার্থীরা বিভিন্ন রকমের ভাষায় দক্ষতা অর্জন করছে। আমাদের শিক্ষার্থীদের তা অর্জন করতে হবে। শিক্ষার পাশাপাশি বিভিন্ন স্কিল অর্জন করতে হবে শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গবেষণাগার গুরুত্ব তুলে চবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণায় কাজ করতে হবে। গবেষণায় যারা কাজ করবে বিশ্ববিদ্যালয় তহবিল থেকে তাদের সাহায্য করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এক্সিলেন্স বাংলাদেশ ও মার্কেটিং সোসাইটি ফর লিডারশিপ প্রোলিফারেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের সবচেয়ে বড় ক্যারিয়ার উৎসব 'কীরণ মাস্টারকার্ড প্রেজেন্ট চট্টগ্রাম ক্যারিয়ার ফেস্ট ২০২৪'।

সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দুটি পর্বে অনুষ্ঠিত হয় এই ফেস্ট। উদ্বোধনী পর্বে এক্সিলেন্স বাংলাদেশ এর এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মাহবুব এ রহমান ও মার্কেটিং হেড নাহিদ আহসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা। প্রধান অতিথি হিসেবে আয়োজন উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

অনুষ্ঠানের ২য় পর্বে মার্কেটিং সোসাইটি ফর লিডারশিপ প্রোলিফারেশনের সাধারণ সম্পাদক রাফি মিনহাজ ও সেশন কো-অর্ডিনেটর ফাতেমাতুন নেসা সুমাইয়ার যৌথ অতিথি আলোচক গিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সিইও এবং ফাউন্ডারসহ ২২ জন অতিথি। ৫টি প্যানেল ডিসকাশনের অংশ নেন ২০ জন আলোচক।