শহীদ জিয়ার ঘোষণাই ছিল স্বাধীনতার মূলমন্ত্র: চবি উপাচার্য 

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৬:৪১ পিএম

২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার মহা নায়ক ও স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। তিনি সর্বপ্রথম বলেছিলেন, 'আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম।’ এটাই ছিল স্বাধীনতার মূলমন্ত্র। এটাই সমস্ত ঝিমিয়ে পড়া বাঙালিকে নতুন করে উজ্জীবিত করেছিল। মহান স্বাধীনতা দিবসে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য। 

অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “সেই মার্চের কালো রাত্রিতে তারা চেয়েছিল আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে এই স্বাধীনতাকে থামিয়ে দিবে। কিন্তু এদেশের কৃষক, ছাত্র জনতা, শিক্ষক, দিনমজুর সকলের প্রচেষ্টায় এদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারেনি। অবশেষে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করি।” 

উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহান স্বাধীনতা দিবস পালন করেছে। ২৫ মার্চ রাত ১২টা ১ মিনিটে ট্রাম্পেট ও বিউগল বাজানোর মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

২৬ মার্চ সকাল ১০ টায় স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করার মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এরপর সকাল সাড়ে ১০টায় স্বাধীনতা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। 

সকাল ১০টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দীন-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমীন। এছাড়াও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর এটাই আমাদের প্রথম জাতীয় অনুষ্ঠান। আজকে মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের পেছনে আমাদের একটা মহান মুক্তিযুদ্ধ ছিল। সেটি কিন্তু স্বাধীনতা যুদ্ধ নয়, সেটি ছিল মুক্তিযুদ্ধ। আমাদের স্বাধীনতার মধ্যে একটা মুক্তি জড়িত আছে। এজন্য আমরা মুক্তির জন্য লড়াই করেছি। এদেশের প্রত্যেক মানুষ মুক্তির জন্য লড়াই করেছে। কিন্তু এই মুক্তি পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্র নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা মুক্তিযুদ্ধকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারিনি। আমাদের একটা বিভক্তি তৈরি করে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, যারা নিজেকে গণতন্ত্রী বলে তারাই যদি গণতন্ত্র নষ্ট করে, সুশাসনের কথা বলে নিজেই যদি সুশাসন নষ্ট করে, যারা মানুষের অধিকার নিয়ে কথা বলে তারাই যদি অধিকার হরণ করে তাহলে সেই দেশ টিকে থাকতে পারে না। স্বাধীনতা দিবসে এরকম আয়োজন আরো বেশি করতে হবে। কারণ আমাদের স্মরণ করিয়ে দিতে হবে আমাদের একটা মহান মুক্তিযুদ্ধে ইতিহাস আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত