হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে। বেশ কয়েক দিন ধরেই এমন গুঞ্জন চলছে। এদিকে অন্য এক জল্পনা, বিবাহবিচ্ছেদের বিষয়টি সত্যি হলে হার্দিকের সম্পত্তির নাকি ৭০ শতাংশের মালিক হবেন নাতাশা ও তার শিশুপুত্র অগস্ত্য।
এর মাঝেই সামাজিকমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নাতাশার। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছেন।’
যদিও একটি পাল্টা যুক্তি এই মুহূর্তে সামাজিকমাধ্যমে ঘোরাফেরা করছে। বেশ কয়েক বছর আগে নিজের দেওয়া এক সাক্ষাৎকারে হার্দিক জানান, তার সম্পত্তির সবটাই তার মায়ের নামে করা। যাতে ভবিষ্যতে সম্পত্তির ভাগ অন্য কাউকে দিতে না হয়। এককথায়, প্রথম থেকে আটঘাট বেঁধেই রেখেছিলেন ক্রিকেট তারকা।
২০২০ সালে ৩১ মে গাঁটছড়া বাঁধেন বর্তমানের ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হার্দিক ও সাইবেরিয়ার মডেল এবং নৃত্যশিল্পী নাতাশা। সেই বছরেই ৩০ জুলাই তাদের প্রথম সন্তান অগস্ত্যের জন্ম হয়। তার পর প্রায় চার বছর কেটে গিয়েছে। আচমকাই ছন্দপতন তাদের সম্পর্কে। যদিও বিচ্ছেদ নিয়ে বিবৃতি মেলেনি দুজনের কারও তরফেই।