রাজবাড়ী সদর উপজেলা থেকে দুই মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় গত শুক্রবার আলাদা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ছাত্রদের মধ্যে একজনের নাম রাব্বী ফকীর (১১)। সে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের ওয়াসিম ফকীরের ছেলে। রাব্বী দেওয়ানপাড়া বড় ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র। রাব্বীর বাবা ঢাকার বারিধারায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
নিখোঁজ অন্যজনের নাম হাবিব মোল্লা (১৬)। হাবিব রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাঘিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
রাব্বীর বাবা ওয়াসিম ফকীর বলেন, ‘আমার ছেলে গত সোমবার দুপুরে বাড়ির পাশে বসন্তপুর স্টেশনবাজারে বিস্কুট কিনতে গিয়েছিল। কিন্তু পরে আর বাড়িতে ফেরেনি।’
থানা সূত্রে জানা যায়, হাবিব নামে সদর উপজেলার ভগীরথপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্র গত ১৮ মে থেকে নিখোঁজ রয়েছে। তার বাবার নাম মো. আলমগীর হোসেন মোল্লা। সে নানাবাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে সদর উপজেলার বাঘিয়া গ্রামের বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে বাড়ির লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন হাবিব সেখানে বেড়াতে যায়নি।
রাজবাড়ী সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।