নির্বাচনী প্রতিহিংসা

সোনারগাঁয়ে বাগানের শতাধিক গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের চরকামলদী এলাকার রফিকুল ইসলামের শতাধিক ফলদ গাছ কেটে ফেলা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী প্রতিহিংসার জেরে পরাজিত প্রার্থী বাবুল ওমর বাবুর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

বাগান মালিক রফিকুল ইসলাম জানান, গত শনিবার রাতের কোনো এক সময় তার বাগানের ৫২টি লিচুগাছ, ১০টি কাঁঠালগাছ, ৫টি আনারগাছ, ১৫টি অড়বরইগাছ ও ৬টি আমগাছসহ শতাধিক ফলদ গাছ কেটে ফেলা হয়।

এ ঘটনায় গতকাল রবিবার রফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ইমরান হোসেন বলেন, ‘গত ২১ মে অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের (ঘোড়া প্রতীক) পক্ষে আমরা কাজ করেছি। নির্বাচনের দুদিন আগে প্রতিপক্ষ বাবুল ওমর বাবুর (আনারস প্রতীক) স্থানীয় সমর্থকদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা কাটাকাটি হয়।

তারা নির্বাচনে পরাজিত হয়ে প্রতিহিংসামূলকভাবে বাগানের সব গাছ কেটে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘এলাকায় আমাদের কোনো শত্রু নেই। এত বছর যাবৎ কেউ এ বাগানের কোনো ক্ষতি করেনি। হঠাৎ করে এ বাগানের গাছ কেটে ফেলার পেছনে নিশ্চয় প্রতিহিংসা রয়েছে।’

স্থানীয় কয়েকজন বলেন, ‘যারা এভাবে বাগানের ফলদ গাছ কেটে ফেলেছে, তারা অত্যন্ত অমানবিক কাজ করেছে। আমরা ওই দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

অভিযোগের বিষয়ে বাবুল ওমর বাবুর মোবাইল ফোনে কল করা হলে তার ব্যক্তিগত সহকারী রিসিভ করে বলেন, ‘তিনি (বাবুল ওমর) ব্যস্ত আছেন, এ ব্যাপারে পরে কথা বলবেন।’ 

সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ‘ফলদ বাগানের গাছ কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’