বগুড়ার আদমদীঘি উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাচ্চু (৫৬) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মে) সন্ধ্যার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চু মিয়ার রিকশায় ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু পার্শ্ববর্তী নওগাঁ জেলার সদর থানার খাট্টা সাহাপুর এলাকার মৃত ইসমাইল মন্ডলের ছেলে।
জানা যায়, রবিবার বিকেলের দিকে উপজেলার সান্দিড়া গ্রামের শামিম খানের ছেলে শুভ সান্তাহার পৌর শহরের রেলওয়ে রেস্ট হাউজ এলাকা দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশাচালক বাচ্চু পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। তবে মোটরসাইকেল আরোহী শুভ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।