দেশে প্রাপ্তবয়স্কদের ২৫ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছে

উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্যসম্মত এবং নিয়ন্ত্রিত জীবন-যাপন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেছেন, হৃদরোগ, স্ট্রোক, কিডনিসহ বিভিন্ন জটিল রোগের জন্য উচ্চ রক্তচাপ একটি অন্যতম এবং মারাত্মক ঝুঁকি।

আজ সোমবার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজধানীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক গণমুখী সেমিনারে এসব তথ্য জানানো হয়।

হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ও বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।

সেমিনারে বলা হয়, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভোগে থাকে। তবে এদের মধ্যে ৫০ শতাংশই জানেন না যে, তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। এজন্য উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপজনিত রোগসমূহ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য জনগণ এবং চিকিৎসকসহ সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন।

চিকিৎসকরা পরামর্শ দিয়ে বলেন, উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এন সি ডি সি) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন। সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) ও স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব  অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক।

গত ১৭ মে পালিত হয় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ মে মাসব্যাপী ঢাকা এবং ঢাকার বাইরে গণমুখী সেমিনার, বৈজ্ঞানিক সেমিনার, দেশব্যাপী বিনামূল্যে রক্তচাপ পরিমাপ, গণমাধ্যমে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানমালা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট প্রকাশসহ নানাবিধ কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে এই গণমুখী সেমিনারের আয়োজন করা হয়।