বাউফলে এক কুকুরের কামড়ে ৫০ জন আহত

পটুয়াখালীর বাউফলে কুকুরের কামড়ে অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছে। গত রবি ও গতকাল সোমবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাজিপুর গ্রামের বিভিন্ন স্থানে তারা কুকুরের কামড়ের শিকার হয়। গতকাল দুপুর ১২টার দিকে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে হত্যা করে। 

কুকুরের কামড়ে আহত কয়েকজন সূত্রে জানা গেছে, নাজিপুর গ্রামে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটি কুকুর এসএম নাহিয়ান (৭), মুন আক্তার (৩০), আবুবক্কর রাঢ়ি (৫০), রিয়াজ রাঢ়ি (২৫), হানিফ রাঢ়িসহ (২৫) কমপক্ষে ২০ জনকে কামড়ে আহত করে। এর আগে গত রবিবার বিকেল ৩টার দিকে কুকুরটি গ্রামের হালিমা (১২), রিমা (৩০), মাইনুল (৫), শাকিব (১০), নান্নু (৪০), ফারুক (১৭) নুর হোসেন (৩০), সোহেলসহ (৪০) অন্তত ৩০ ব্যক্তিকে কামড়ে আহত করে। পরে স্বজনরা আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কোনো ধরনের ভ্যাকসিন পাননি তারা। বাধ্য হয়ে কেউ কেউ বাইরে থেকে কিনে ভ্যাকসিন দিলেও অনেকেই ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ জানান।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, ‘গত রবি ও গতকাল কুকুরের কামড়ে আহত ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে ভ্যাকসিন আছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজ খোলা হয়নি। ফ্রিজ খুললে অন্যান্য ভ্যাকসিন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আপাতত ফার্মেসি থেকে কিনে ভ্যাকসিন নিতে বলা হয়েছে। বিদ্যুৎ এলে তাদের ভ্যাকসিন দেওয়া হবে।’