বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ দোকানে মালামাল পুড়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।  

সোমবার দিবাগত রাত ৩টার দিকে শেখেরখীল বাজারের আশরাফ আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, ফজল কাদেরের (মুদির দোকান), ইসমাইল (মুদির দোকান), নুর হোসেন (হোমিওপ্যাথিক ওষুধের দোকান), নুরুল কবির (চায়ের দোকান), মহি উদ্দিন (ফার্মেসি) ও একটি সেলুনের দোকান। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ডা. মাহাবুব এলাহী বলেন, সোমবার দিবাগতরাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকানের সবকিছুই পুড়ে যায়। বাঁশখালী ফায়ার সার্ভিস খবর পেয়ে যথাসময়ে ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইসমাইলের মুদির দোকানে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি। 

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, 'শেখেরখীল সরকার বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টার মধ্যে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ৬‌টি দোকা‌নের মালামাল পুঁড়ে যায়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরুপণ করা হয়নি বলে জানান তিনি।