ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের চর খাজুরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শরিফুল ইসলাম (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে চর খাজুরা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত গোলাম নবী লস্করের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, সোমবার রাতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কৃষক শরিফুলের বাড়ির বিদ্যুতের তার ছিড়ে যায়। বুধবার সকালে বাড়িতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।