কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত হরিণ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি মৃত চিত্রা হরিণ ভেসে এসেছে। এর মাথা ও পিঠের চামড়া উঠে গেছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম পাশে এটি দেখতে পায় স্থানীয়রা। পরে অ্যানিমেল লাভার্স সদস্যদের খবর দিলে তারা বনবিভাগের সহায়তায় হরিণটিকে মাটি চাপা দেয়।

স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিমের সদস্য শাওন জানান, সন্ধ্যার দিকে খবর পাই বিচে একটি মৃত হরিণ ভেসে এসেছে। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করি। এটি একটি চিত্রা হরিণ। ঘূর্ণিঝড় রিমালে সুন্দরবন প্লাবিত হওয়ায় এটা মারা গেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য নানা ব্যবস্থা থাকলেও বন্যপ্রাণীদের জন্য কোনও নিরাপদ আশ্রয়স্থল নেই। এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সুন্দরবন থেকে ৩৯টি চিত্রা হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, বিষয়টি মহিপুর বন বিভাগকে জানানোর চেষ্টা করছি। বনবিভাগ, অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় আমরা এটাকে মাটিচাপা দেওয়ার চেষ্টা করছি।