‘প্রয়োজনের সময় না পেলে কী লাভ মেট্রো দিয়ে’

  • হুটহাট মেট্রো চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পরছেন যাত্রীরা
  • কেউ কেউ বলছেন, এভাবে চলতে থাকলে মেট্রোরেল ভরসা হারাবে
  • দ্রুত সমস্যা সমাধানে তৎপর ডিএমটিসিএল কর্তৃপক্ষ
আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:২৯ পিএম

রাজধানীতে দিন দিন বাড়ছে মেট্রোরেলের চাহিদা। সড়কে নানা প্রতিবন্ধকতা থাকায় মানুষের ভরসা এখন মেট্রোতে। যদিও হুটহাট মেট্রো বন্ধ হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। গতকাল সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড় রিমালের কারণে সকাল থেকে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়াও চলতি মাসে আরও বেশ কয়েকবার কারিগরি ত্রুটির জন্য মেট্রো বন্ধ ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, রিমালের প্রভাবে রাজধানীতে গতকাল যানজট ও সড়কের জলাবদ্ধতায় নাকাল হতে হয় নগরবাসীকে। ফলে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলাচলে মেট্রোর চাহিদা বেড়ে যায়।

এর মধ্যেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ফেসবুকে জানায়, ঝড়ে শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের ওপর গাছের ডাল এবং মতিঝিল স্টেশন-সংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ায় এ অংশে কয়েক ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ থাকার কথা।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. রাজু দেশ রূপান্তরকে বলেন, ‘গত শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে জরুরি কাজে মতিঝিল যাওয়ার কথা ছিল। তাই মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে যাই। কিন্তু মেট্রো চলাচল বন্ধ থাকায় সেখানে ৩০ মিনিট বসে থাকতে হয়। এই যে হুটহাট মেট্রো বন্ধ হয়ে যায় এজন্য বড় রকমের সমস্যায় পরতে হয়।’

মেট্রোরেল

আরেক যাত্রী মো. আব্দুল্লাহ বলেন, ‘গতকাল মিরপুর এলাকায় অনেক জায়গায় হাঁটু পানি ছিল। সেই সাথে ছিল গাড়ি সংকট। বৃষ্টি থাকায় রিকশা ভাড়াও কয়েকগুণ বেশি। তাই মেট্রোয় যাতায়াতের জন্য দুপুরের দিকে পল্লবী স্টেশনে যাই। কিন্তু গিয়ে দেখি মেট্রো চলাচল বন্ধ। প্রয়োজনের সময় যদি মেট্রো ব্যবহার করতে না পারি তাহলে কী লাভ এই মেট্রো দিয়ে?’

মিরপুর এলাকার অপর বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ‘মিরপুরে থাকায় এখন বাসে খুব একটা যাতায়াত করা হয় না। বেশিরভাগ সময় মেট্রোয় চলাচল করি। কিন্তু গতকাল বৃষ্টির দিনে স্টেশনে গিয়ে দেখি মেট্রো চলাচল বন্ধ। অথচ এমন বিপদের দিনে মেট্রো ভরসা হওয়ার কথা ছিল। তা না হয়ে আরও ভোগান্তি পোহাতে হয়েছে। ডিএমটিসিএলের উচিত কোনো সমস্যা হলে দ্রুত সময়ে সমাধান করা। তা না হলে মেট্রোর প্রতি মানুষের আস্থা কমে যাবে।’

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমটিসিএলের একটি সূত্র জানায়, হুটহাট মেট্রো বন্ধ হওয়ায় কর্তৃপক্ষ আগের চেয়ে বেশি তৎপর হয়েছে। কারিগরি ত্রুটির জন্য মেট্রো চলাচল বন্ধ থাকলেও কিভাবে দ্রুত সমস্যা সমাধান করা যায় তা নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৮ মে) বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা মেট্রোরেল পরিদর্শন করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত