শপথ নিলেন রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিরা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহী বিভাগের নির্বাচিত ২৩ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘আপনারা বাছাই হয়েছেন একটি অবাধ, নিরপেক্ষ এবং সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। আপনারা অনেক কষ্ট করেছেন, ভোটারদের দ্বারে দ্বারে গেছেন এবং অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে অনেক আকাক্সক্ষা নিয়ে নির্বাচিত হয়েছেন।

এখন আপনাদের দায়িত্ব অনেক। সেই দায়িত্ব হচ্ছে ভোটার এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করা। সেজন্য প্রয়োজন একটি সুন্দর পরিকল্পনা।’

বিভাগীয় কমিশনার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ তৈরি করতে হবে। আপনারা প্রতিপক্ষের প্রতি ক্ষোভ রাখবেন না। ন্যায়পরায়ণতার সঙ্গে সবাই মিলে কাজ করবেন।’

স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত জিআইজি ফয়সল মাহমুদ, আরএমপির উপকমিশনার অনির্বান চাকমা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এর আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার।