জয়পুরহাটে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সাইদুল হত্যার মামলায় ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দ-িত ব্যক্তিরা হলেন কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের জয়নাল মন্ডল, মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন, মোস্তফা, মোসফর আলী, মাহফুজার, মাসুদ, মামুনুর রশীদ, সামসুদ্দিন ও বেলাল।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ জুলাই বিকেলে কালাই উপজেলার আওড়া গ্রামে আসামিরা সাইদুল ও শরীফুলকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করে। ১৪ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা সামাদ বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা করেন।