সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভেতরে দেশীয় অস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের এজেন্ট মাসুক মিয়াকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৯ মে) সকালে এই ভোটকেন্দ্রের ৭নং কক্ষ থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সকাল ৮ টা থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এই উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ৭ নং কক্ষে চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করেন এই উপজেলার মুরাদপুর গ্রামের বাসিন্দা মাসুক মিয়া। বেলা বাড়ার সাথে সাথে অভিযুক্ত মাসুক মিয়া ভোট কক্ষের ভেতরে থাকা অন্য চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের ভয় দেখান। পরে খবর পেয়ে ওই কক্ষে পরিদর্শনে আসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আব্দুল হালিম। ওই এজেন্টের আচরণ সন্দেহজনক হলে তাকে আটক করে তল্লাশি করার নির্দেশ দেন তিনি। পরে পুলিশ তাকে তল্লাশি করে ধারালো দেশীয় অস্ত্র (চায়নিজ চাকু) উদ্ধার করে। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আব্দুল হালিম থাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুজিবুর রহমান দেশ রূপান্তরকে জানান, দেশীয় অস্ত্র নিয়ে ভোট কেন্দ্রে আসায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যে থাকে কারাগারে পাঠানো হয়েছে।