২০২৩ সালে বিশ্বব্যাপী কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের সংখ্যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। গতকাল বুধবার প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংস্থাটির প্রতিবেদন বলছে, ২০২৩ সালে ১৬টি দেশে ১ হাজার ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য রেকর্ড করা হয়েছে। আগের বছরের (২০২২ সাল) তুলনায় এই সংখ্যা ৩০ শতাংশ বেশি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গত বছর ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা অনেক বাড়তে দেখা গেছে। গত বছর বিশ্ব জুড়ে যত মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে, তার মধ্যে ৭৪ শতাংশই ইরানে। অ্যামনেস্টি বলছে, সংখ্যার হিসাবে তা অন্তত ৮৫৩। ২০২২ সালে ইরানে ৫৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আগের বছর এ সংখ্যা ছিল ৩১৪ জন। গত বছর ইরানে মাদক-সংক্রান্ত অপরাধের ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
অ্যামনেস্টির রেকর্ড অনুযায়ী, এর আগে বিশ্বে ২০১৫ সালে সবচেয়ে বেশি ১ হাজার ৬৩৪টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছিল। এরপর ২০২৩ সালেই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল।
অ্যামনেস্টির প্রতিবেদনে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য অন্তর্ভুক্ত করা যায়নি। বিশেষ করে চীনে প্রতিবছর অনেক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ধারণা করা হয়। এ ছাড়া তবে গত বছর জাপান, বেলারুশ, মিয়ানমার ও দক্ষিণ সুদানে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো তথ্য পাওয়া যায়নি।
অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিশ্ব জুড়ে যত মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে, তার মধ্যে ১৫ শতাংশই ঘটেছে সৌদি আরবে।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য বিশেষভাবে উল্লেখ করেছে অ্যামনেস্টি। এতে বলা হয়, পশ্চিমা উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান চালু আছে। ২০২৩ সালে দেশটিতে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল ১৮।