স্বেচ্ছাসেবীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কিশোর গ্যাং ও উত্ত্যক্তকারীদের বিচারের দাবি জানিয়েছে বিডি ক্লিন সোনারগাঁ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পরে তারা মহাসড়কে মিছিল বের করে।
গতকাল বুধবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিডি ক্লিন সোনারগাঁয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানার নেতৃত্বে কিশোর গ্যাং এবং উত্ত্যক্তকারীমুক্ত সোনারগাঁয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, ‘বৈদ্যেরবাজারে বিডি ক্লিন স্বেচ্ছাসেবীদের ওপর এই হামলার ঘটনায় আমরা ব্যথিত। আমি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে কথা বলছি। খুব শিগগিরই এলাকায় অভিযান চালিয়ে এদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।’
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘বিডি ক্লিন সোনারগাঁয়ের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। ওই এলাকায় অভিযান পরিচালনা করে ইভটিজার, কিশোর গ্যাং ও এদের মদদদাতাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’