চিকিৎসাসেবায় মোবাইল অ্যাপ আনল ব্র্যাক হেলথকেয়ার

চিকিৎসা সেবাকে সহজ ও গতিশীল করতে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে ব্র্যাক। এখন থেকে ‘ব্র্যাক হেলথকেয়ার' নামে এই মোবাইল অ্যাপের মাধ্যমেই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, রেকর্ড চেকিং ও অর্থ প্রদান করা যাবে।

গত ২৮ মে (মঙ্গলবার) রাজধানীর মহাখালীর ব্র্যাকের প্রধান কার্যালয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ অ্যাপটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন পরিচালক মুহাম্মদ আনিসুর রহমান, সহযোগী পরিচালক (আইটি) মুহাম্মদ আব্দুল বারী এবং ব্র্যাক হেলথকেয়ার-এর প্রধান তৌফিকুল হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, রোগী যেখানেই থাকুক না কেন তাদের সঙ্গে সবসময় যুক্ত থাকার জন্য আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছি। আমাদের লক্ষ্য হলো একটি সুসম্পন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করা, যেখানে ব্যক্তিগত পরামর্শ ও বিজ্ঞপ্তিসহ নানা পরিষেবা এবং তথ্য প্রদান করা হবে।

মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এই অত্যাধুনিক অ্যাপ সবার কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

তৌফিকুল হাসান সিদ্দিকী বলেন, এই মোবাইল অ্যাপ চালু করার ফলে সেবাপ্রত্যাশীরা এখন প্রযুক্তির সহায়তায় ব্র্যাক হেলথকেয়ার সার্ভিসের সেবাসমূহ পাবেন। বিশেষায়িত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে এবং অনলাইনে পেমেন্ট করতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগীর যাবতীয় বক্তিগত তথ্য শুধুমাত্র তাদের নিবন্ধিত মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ওটিপিভিত্তিক প্রমাণীকরণের মাধ্যমে সুরক্ষিত থাকবে।

অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপ-এর ‘পেমেন্ট পোর্টাল’থেকে ব্যবহারকারীরা সশরীরে কেন্দ্রে না গিয়েও তাদের পূর্বের সমস্ত চিকিৎসাসংক্রান্ত তথ্য দেখতে পারবেন। এ ছাড়া ব্র্যাক হেলথকেয়ার-এর চিকিৎসকরা অ্যাপের মাধ্যমে রোগীর সমস্ত তথ্য, রেকর্ড এবং অ্যাপয়েন্টমেন্টের ইতিহাস দেখতে পারবেন।

ব্র্যাক হেলথকেয়ার অ্যাপ-এর অন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কিওয়ার্ড অনুসন্ধানের সুবিধা, প্রেসক্রিপশন দেখা, স্বাস্থ্যসংক্রান্ত পরীক্ষার রিপোর্ট ডাউনলোড করা এবং তথ্য সংরক্ষণ। অ্যাপ ব্যবহার করে রোগীরা তাদের প্রতিক্রিয়া, পরামর্শ এবং মতামতও দিতে পারবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উপযুক্ত অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।