ব্রাহ্মণবাড়িয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাবার দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত ওই যুবককে কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন এ সাজা দেন। দন্ডিত আশরাফুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেরপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত আশরাফুল মাদকের টাকার জন্য প্রায়ই বাড়ির লোকজনের ওপর অত্যাচার করত। সম্প্রতি তার অত্যাচারের মাত্রা বেড়ে যায়। কিছু দিন ধরে সে নেশা করে লাঠি, দা নিয়ে বাড়ির লোকজনের পাশাপাশি বাড়ির আশপাশের মানুষের ওপরও হামলা করতে যেত। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন বরাবর অভিযোগ দেন।
মোনাব্বর হোসেন জানান, ওই যুবক মাদকের টাকার জন্য এবং মাদক সেবন করে অত্যাচার চালাত। তার বাবা এ নিয়ে অভিযোগ করলে তাকে মাদকাসক্ত অবস্থায় আটক করে সাজা দেওয়া হয়।