টাকা নিয়ে কমিটি গঠনের অভিযোগ

দেবীগঞ্জে কেন্দ্রীয় নেতার বিচার দাবি বিএনপি ও সহযোগী সংগঠনের

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি গঠন, নিজ বাসায় মিটিং করে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতাদের ভোটে নামিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করাসহ একাধিক অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে এ অভিযোগ করেন উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা।

সভায় বক্তারা বলেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতাদের প্রার্থী করেন ফরহাদ হোসেন আজাদ। পরে কেন্দ্র থেকে নির্বাচন বর্জনের চাপ এলে কর্মসূচির নামে আওয়ামী লীগের নেতাদের কাছে টাকা নিয়ে তাদের পক্ষে ভোট করেন তিনি। নির্বাচনে বিএনপি নেতারা জমি ও বিভিন্ন সম্পত্তি বিক্রি করে ভোটে অংশ নিলেও ওই কেন্দ্রীয় নেতার জন্যই হেরেছেন দাবি করে তার বিচার দাবি করেছেন।

বক্তারা বলেন, ফরহাদ হোসেন আজাদের বাড়ি তিনতলা হয়, নতুন গাড়ি হয়। কিন্তু নেতাকর্মীদের কোনো উন্নতি হয় না। তিনি টাকা নিয়ে কমিটি করেন। স্থানীয় নির্বাচনে প্রার্থী দেন। আবার কৌশল করে টাকার বিনিময়ে তাদের হারিয়ে দেন।

প্রবীণ বিএনপি নেতা ফজলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক (সদ্য বহিষ্কৃত) রহিমুল ইসলাম বুলবুল, সোনাহার ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মাজেদুর রহমান, পামুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ডিউক চৌধুরী, দেবীগঞ্জ উপজেলা মহিলা দলের সদস্য সচিব জান্নাতুন নাইম মিতুসহ অনেক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পাঁচজন বিএনপি নেতা নির্বাচনে অংশ নেন। এর মধ্যে চারজনই পরাজিত হন। একজন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের বাইরে আমি কোনো কাজ করতে পারি না।