আজ বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ দেখবেন যেভাবে

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল সকালে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। তার আগে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হবে খেলাটি। প্রস্তুতি ম্যাচ হলেও এটি নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে রয়েছে বেশ আগ্রহ।

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পাবেন নাগরিক টিভির পর্দায়। এছাড়া ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস ১ ও ২ সরাসরি সম্প্রচার করবে রোহিত-শান্তদের ম্যাচটি।

এর আগে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ (যুক্তরাষ্ট্রের বিপক্ষে) বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দল।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। শান্তর দল সিরিজটি হেরেছে ২-১ ব্যবধানে।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, ৮ জুন সকালে ডালাসে।