নড়াইল নার্সিং কলেজ

সেবা শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ

নড়াইল নার্সিং কলেজে শিক্ষকের শূন্যপদ পূরণ, সুপেয় পানির ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থায় নিরাপত্তাপ্রহরী নিয়োগ, স্থানীয় বখাটেদের উৎপাত বন্ধ, শিক্ষাবৃত্তি চালুসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

গতকাল শনিবার কলেজের প্রায় ১০০ শিক্ষার্থী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয়ে যায়। সেখানে গিয়ে তারা ঘণ্টাব্যাপী অফিস ঘেরাও করে এবং তাদের দাবি-দাওয়া পূরণে সেøাগান দিতে থাকেন।

খবর পেয়ে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম অফিসে ছুটে আসেন এবং তাদের দাবি-দাওয়াগুলো শোনেন। এ সময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে ক্লাসে ফিরে যাবেন না বলে ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, আর দুই মাস পর পরীক্ষা। তাদের পড়াশোনায় কোনো অগ্রগতি হয়নি। স্থানীয় বখাটে ও প্রভাবশালীদের উৎপাতে কলেজের শতাধিক শিক্ষার্থী চরম নিরাপত্তাহীনতায় থাকেন।