সাভারে বাড়িতে লুটপাট

র‌্যাব পরিচয়ে স্বর্ণ ডাকাতির সময় আটক ৫

সাভারের আশুলিয়ায় একটি ডুপ্লেক্স বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৩ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। গত শুক্রবার রাত ২টার দিকে আশুলিয়ার ইয়ারপুর উচ্চবিদ্যালয়-সংলগ্ন আবদুর রহমান দেওয়ানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই শাদরুজ্জামান।

আবদুর রহমান দেওয়ান বলেন, ‘রাত ২টার দিকে ৮-১০ সদস্যের একটি ডাকাত দল বারান্দার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের হামলায় ছেলে, ছেলের বউসহ আমি গুরুতর আহত হয়েছি।’

অন্যদিকে, মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা স্বর্ণ ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণ করার সময় র‌্যাব-১ পরিচয়ে চার ভুয়া র‌্যাব সদস্যসহ পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন ফরিদপুরের রাধানগর এলাকার সিকান্দারের ছেলে র‌্যাব-১-এর সদস্য পরিচয় দেওয়া শামিম, একই এলাকার মালেক শেখের ছেলে মিরাজুল শেখ (২৮), মেঘমাচি এলাকার সোলেমান মৃধার ছেলে সম্রাট (২৮), পাবনার আটঘড়িয়া থানার পাটেশ্বর গ্রামের মৃত ফরমান প্রামাণিকের ছেলে আমিজউদ্দিন (৫০) ও ড্রাইভার হিসেবে পরিচয় দেওয়া সাভারের আশুলিয়ার খেজুরটেক গ্রামের মৃত আবদুর রহিম বক্সের ছেলে জানিব (৬২)। এ সময় মোটরসাইকেলে থাকা সিদ্দিক নামের একজন লুণ্ঠিত স্বর্ণ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।