ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) জন্য বাস কেনার দরপত্র আহ্বানের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বাসগুলো কিনতে দরপত্রকে কেন্দ্র করে পৃথক রিট আবেদনের ওপর শুনানি শেষে গত বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিবিআরটিসিএল) করা রিটের ওপর দেওয়া রুল যথাযথ ঘোষণা করে আদালত। অন্যদিকে চীনা প্রতিষ্ঠান ঝোং টং বাস হোল্ডিং কোম্পানি লিমিটেডের করা অপর রিট খারিজ করেন হাইকোর্ট। গতকাল শনিবার রায়ের বিষয়টি সংশ্লিষ্ট আইনজীবীরা নিশ্চিত করেন। তারা আরও বলেন, হাইকোর্টের এ রায়ের ফলে এ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত ১৩৭টি বিশেষায়িত বাস কিনতে বাধা নেই।
বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক ও ফরাসি উন্নয়ন সংস্থার যৌথ অর্থায়নে বিআরটি লাইন-৩ এর সম্প্রসারিত উত্তর অংশটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার করিডর পর্যন্ত বিস্তৃত। এটি বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ডিবিআরটিসিএল (ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড)। বিমানবন্দর-গাজীপুর বিআরটি করিডরে বিশেষায়িত এই বাস সেবা ‘ঢাকা লাইন’ নামে পরিচিত হবে।
১৩৭টি বাস কিনতে ডিবিআরটিসিএল চলতি বছরের ১৪ জানুয়ারি দরপত্র আহ্বান করে।