ঢাকার নবাবগঞ্জে র্যাব সদস্য পরিচয়ে স্বর্ণসহ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার সময় চার ছিনতাইকারীকে পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। অবশ্য অন্য তিন ছিনতাইকারী ওই ব্যবসায়ীর কাছে থাকা এক কেজি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। গতকাল শনিবার সকালে নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সীমান্তবর্তী জামসা বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার দোহার উপজেলার জয়পাড়া ওয়ান ব্যাংকসংলগ্ন জেলেপাড়ার বৈদ্যনাথ হালদারের ছেলে। তিনি জয়পাড়া বাজারের নির্জলা অলংকার নামে একটি প্রতিষ্ঠানের মালিক।
আটক তিনজন হলো ফরিদপুরের রাধানগর নগরকান্দা গ্রামের মালেক শেখের ছেলে মিরাজুল শেখ, সোলেমান মৃধার ছেলে সম্রাট ও পাবনার আটঘড়িয়ার পাটেশ্বর গ্রামের মৃত ফরমান প্রামাণিকের ছেলে আমিজুদ্দিন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক সাভারের আশুলিয়ার খেজুরটেক গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে জানিব।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, নবাবগঞ্জের আমতলা এলাকায় র্যাব সদস্য পরিচয় দিয়ে কিছু লোক তার অটোরিকশা থামায়। নামামাত্রই তাকে মারধর করে হাত-পা চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নেয়। মাইক্রোবাসটি পার্শ্ববর্তী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা বাজার দিয়ে যাওয়ার সময় যানজটে পড়ে। এ সময় তিনি চিৎকার দিলে স্থানীয়রা ও বিভিন্ন ইজিবাইকে থাকা যাত্রীরা এগিয়ে আসে। ছিনতাইকারীরা র্যাবের পরিচয়পত্র দেখাতে না পারায় চারজনকে পিটুনি দেয় তারা। এরই মধ্যে আরও ৩ জন ছিনতাইকারী ব্যবসায়ী সুমনের সঙ্গে থাকা ১ কেজি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।