পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেছেন, অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ভাত বা খাদ্য রান্না করে যারা পরিবারের সদস্যদের খাওয়াচ্ছেন, নীতি-নৈতিকতার কারণেই আপনাদের এ কাজ থেকে বিরত থাকা উচিত। গতকাল শনিবার পেট্রোবাংলার শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ অনুযায়ী অংশীজনের অংশগ্রহণে গাজীপুরে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান এসব কথা বলেন।
যমুনা, হামিম, আম্বার, আফতাব, ডি.বি.এল, মোশারফ কম্পোজিট, ম-লসহ দেশের প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্প গ্রুপের মালিক, প্রতিনিধি, সিএনজি ও আবাসিক গ্রাহকরা এতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অবৈধ গ্যাস সংযোগ থেকে বের হয়ে গ্রাহকদের বৈধ গ্যাস ব্যবহারের আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বলেন বা এলএনজি এনে গ্যাস সরবরাহ বলেন, প্রতি মুহূর্তকে চ্যালেঞ্জ করে আমাদের গ্যাস বিজনেসটা করতে হচ্ছে। কিন্তু আমরা আমাদের সমস্যার কথা বলব না, বরং আজ আপনাদের সমস্যাগুলোর কথাই শুনেছি, নোট করে নিয়েছি, উত্তরও দিয়েছি। প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করব, গ্রাহকরা যাতে ভালো থাকেন, গ্রাহকদের গ্যাস সরবরাহ যাতে নিশ্চিত হয়। তাদের বিজনেস যাতে দাঁড়ায়, তারা যেন কর্মসৃজন করে দেশের মানুষের জন্য উন্নতি করতে পারেন।
বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর আয়োজনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পেট্রোবাংলার নৈতিকতা কমিটির সভাপতি ও পরিচালক (প্রশাসন) এ.কে.এম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান ও ব্যবস্থাপনা পরিচালক (টিজিটিডিপিএলসি) প্রকৌশলী মো. হারুনুর রশিদ মোল্লাহ। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন পেট্রোবাংলা ফোকাল বিশ্বজিৎ সাহা।