কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কবর থেকে এক বৃদ্ধা নারীর লাশ চুরির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এর আগে গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলার চাকিরপশার পাঠক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের নুরজাহান বেগম (৭৮) নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (১ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মারা যান। গতকালই বাদ মাগরিব ওই গ্রামের তেঁতুল তলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে মৃতের কনিষ্ঠ ছেলে নুরুল হুদা নবাব (৩৫) কবরস্থানে গিয়ে কবরটি উম্মুক্ত দেখতে পান। পরবর্তীতে তিনি নিশ্চিত হন তার মায়ের লাশ কবরস্থান থেকে চুরি হয়ে গেছে। পরিবারের সদস্যদের বিষয়টি সে জানায় এবং পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান করে লাশ না পেয়ে উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানায়।
পরে সংবাদ পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কবর উম্মুক্ত দেখতে পান। একপর্যায়ে কবরস্থানের অদূরে একটি জমিতে লাশ দেখেন তারা। পরে রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কেউ হয়তো চুরির উদ্দেশ্য লাশটি কবর থেকে চুরি করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।