মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

মিয়ানমারের ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা। এই ভূমিকম্পের উৎপত্তি ছিল মিয়ানমারের মাওলাইক এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ৫।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় আজ রোববার দুপুর ২টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইনের মাওলাইক থেকে ৯২.৬ কিলোমিটার দক্ষিণে, ভারতের মিজোরামের শিহা থেকে ১৬৮.৫ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে এবং ঢাকা থেকে ৪৪২ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০৭.২ কিলোমিটার গভীরে।

মিয়ানমারের এই ভূমিকম্প রাঙামাটি ও খাগড়াছড়িতে বেশ অনুভূত হয়েছে। এ ছাড়া ঢাকা, কুমিল্লা ও কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে গত বুধবার মিয়ানমারের একই এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পও ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় অঞ্চলজুড়ে অনুভূত হয়।