ভারতে তীব্র তাপপ্রবাহ

শেষ দফার ভোটে হিটস্ট্রোকে ৩৩ নির্বাচনকর্মীর মৃত্যু

  •  উত্তরপ্রদেশে শনিবার তীব্র গরমে কমপক্ষে ৩৩ জন নির্বাচন কর্মী মৃত্যুবরণ করেছেন
  •  ভারতে চলতি বছরের তাপমাত্রা এবং তাপপ্রবাহ আগের সব রেকর্ড অতিক্রম করেছে
আপডেট : ০২ জুন ২০২৪, ০১:৫৭ পিএম

ভারতের বেশিরভাগ রাজ্যেই এখন তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। কোন কোন রাজ্যে তাপমাত্রা উঠেছে ৫০ ডিগ্রির উপরে। এমন পরিস্থিতিতে তীব্র তাপপ্রবাহ এবং হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বিভিন্ন রাজ্যেই প্রতিনিয়ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

তেমনই উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন তীব্র গরমে কমপক্ষে ৩৩ জন নির্বাচন কর্মী মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় রোববার নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এসব নির্বাচন কর্মীদের মধ্যে নিরাপত্তা কর্মী, স্যানিটেশন কর্মী এবং অন্যান্য ভোট কর্মী রয়েছেন। এছাড়া রাজ্যের বালিয়া লোকসভা কেন্দ্রের সিকান্দারপুর এলাকায় একটি কেন্দ্রে একজন ভোটারেরও মৃত্যু হয়েছে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও) নভদীপ রিনওয়া।

ভোট দিতে আসা রাম বদন চৌহান ভোটকেন্দ্রে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন। পড়ে তাকে দ্রুত একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান কর্মকর্তা।

সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোট কর্মীদের মৃত্যুর বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তারাও কর্মীদের ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানান তিনি।

এছাড়া নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী, মৃত নির্বাচন কর্মীদের পরিবারের সদস্যদের ১৫ লাখ রূপি ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী কর্মকর্তা।

এছাড়া শনিবার লাখনৌতে ইভিএম মেশিন নিরাপত্তার দায়িত্ব পালনকালে এক পিএসি কনস্টেবল মারা গেছেন। জেসিপি (আইন শৃঙ্খলা) উপেন্দ্র আগরওয়াল কনস্টেবলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

ভারতে গ্রীষ্মকালে সাধারণত তাপমাত্রা বেশিই থাকে। তবে চলতি বছরের তাপমাত্রা এবং তাপপ্রবাহ আগের সব রেকর্ড অতিক্রম করেছে। দেশটির বেশীরভাগ রাজ্যেই তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের (১১৩ ডিগ্রি ফারেনহাইট) বেশি রেকর্ড হয়েছে। তবে একদিনেই এত কর্মীর মৃত্যুর বিষয়টা বেশ ভয়াবহ পরিস্থিতির দিকেই ইঙ্গিত দিচ্ছে।

শুধু ভারত নয়, এশিয়ার বেশিরভাগ দেশেই এখন তাপমাত্রা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ দীর্ঘ, আরও ঘন ঘন এবং তীব্রতর হয়ে উঠছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত