রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে তারেক (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রডমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

রবিবার (২ জুন) বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আজিজুল হক জানান, তারা নিমাণাধীন দুতলা ভবনে রডমিস্ত্রির হেল্পারের কাজ করেন। আজ ভবনের নিচ তলায় পানির মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় তারেক। এতে অচেতন হয়ে পড়লে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা জানান, তারেকের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। বাবার নাম সরো মিয়া। বর্তমানে স্টাফ কোয়ার্টার এলাকার ওই ভবনটিতেই থাকেন তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ডেমরা থানা পুলিশ জানানো হয়েছে।