চেলসি নতুন কোচ হিসেবে এনজো মারেসকার নাম ঘোষণা করেছে। পাঁচ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিলেন ৪৪ বছর বয়সী ইতালিয়ান এই কোচ। মারেসকার অধিনে লেস্টার সিটি ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ (ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ) জিতে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে।
মাওরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হলেন মারেসকা। সদ্য শেষ হওয়া মৌসুমে চেলসি লিগ শেষ করে ছয়ে থেকে, জায়গা করে নেয় ইউরোপিয়ান প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগে।
মারেসকা এর আগে ২০২০-২১ মৌসুমে ম্যানচেস্টার সিটি যুব দলের কোচ হিসেবে কাজ করেন। ২০২১ এ ইতালিয়ান ক্লাব পার্মার দায়িত্বে ছিলেন তিনি। তবে সেখানে ছয় মাসের বেশি টিকতে পারেননি। ২০২৩ সালের জুনে লেস্টারের দায়িত্ব নিয়ে সফল হওয়ার পর এবার এলেন চেলসিতে।
মারেসকা বলেন, 'বিশ্বের অন্যতম বড় ক্লাব চেলসির দায়িত্ব নেওয়াটা যে কোন কোচের জন্যই স্বপ্নের। আমি এই সুযোগটি পেয়ে খুব উৎফুল্ল।' ১ জুলাই থেকে চেলসির হয়ে কাজ শুরু করবেন মারেসকা।