২১ শটেও ব্রাইটনের বিপক্ষে গোল দিতে পারলো না সিটি

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হতাশাজনক এক রাত কাটাল ম্যানচেস্টার সিটি। সুযোগ নষ্টের চরম মাশুল গুনে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে নিজেদের মাঠে এটিই ম্যান সিটির প্রথম পরাজয়।

শনিবার (৩১ অক্টোবর) রাতের ম্যাচে শুরুতেই ধাক্কা খায় পেপ গার্দিওলার দল। ম্যাচের শুরুর দিকেই ইয়াসিন আইয়ারির দুর্দান্ত গোলে এগিয়ে যায় ব্রাইটন। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় ম্যান সিটি। পুরো ম্যাচে ২১টি শট নিয়েও ব্রাইটনের রক্ষণভাগ ও গোলরক্ষক বার্ট ভারব্রুগেনকে পরাস্ত করতে পারেনি স্বাগতিকরা। সিটির ২১টি শটের মধ্যে মাত্র ৬টি ছিল লক্ষ্যভেদী।

ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড এদিন নিজের ছায়া হয়ে ছিলেন। প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচে গোল করার পর অবশেষে এই ম্যাচে তার সেই অবিশ্বাস্য গোলধারা থেমে গেল। ম্যাচের পর সিটির মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন হতাশা প্রকাশ করে বলেন, "আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। পরাজয়টা খুবই হতাশাজনক। পর পর দুটি ম্যাচে আমরা পয়েন্ট হারালাম, তবে এই কঠিন সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"

অন্যদিকে ইতিহাদ স্টেডিয়াম থেকে ঐতিহাসিক এই জয় তুলে নিয়ে উল্লাসে মেতেছে ব্রাইটন। ম্যাচ শেষে ব্রাইটন গোলরক্ষক বার্ট ভারব্রুগেন বলেন, "অসাধারণ এক অনুভূতি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর শেষ ৩০-৪০ মিনিট সিটির চাপ সামলানো কঠিন ছিল। কিন্তু দলের সবাই সর্বশক্তি দিয়ে লড়াই করেছে।"

টানা দ্বিতীয় হারে২১  ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছে ব্রাইটন। তবে রবিবার লিভারপুলের মুখোমুখি হতে যাওয়া আর্সেনাল অন্তত ১ পয়েন্ট পেলেই ম্যান সিটিকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত